ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
ঢাবি প্রতিনিধ: পবিত্র ঈদ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ শনিবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আ-এ অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
 
নামাজ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
এছাড়া বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ সিনিয়র শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর এবং অফিস প্রধানরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
শুভেচ্ছা বিনিময়ের পর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেন। তিনি ফজলুল হক মুসলিম হল, রোকেয়া হল, সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হল-এ গিয়ে হাউজ টিউটর ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি হলগুলোর খাবারের মান, শিক্ষার পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 
উল্লেখ্য, ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ যান এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162041