ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

ঈদের দিনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফরিদপুরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।

আবুল কালাম আজাদ জানান, ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজের গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন শরীফুল ইসলাম। পথে বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162024