চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুইচগেট ঘুঘুডিমা এলাকার মৃত ইসমাইলের ছেলে ওহিদুল (১৭) এবং একই এলাকার জয়নালের ছেলে মিনহাজ (২২)। 

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড়ে পাকা রাস্তার ওপর ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক মো. ওহিদুল এবং অপর আরোহী মিনহাজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

এছাড়া গুরুতর আহত ইজিবাইক যাত্রী শিবগঞ্জ উপজেলার ঢোরবানা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান জাপানকে (৬০) স্থানীয় লোকজন উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

এই দুর্ঘটনায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মৃত নেস মোহাম্মদের ছেলে এলিমও (৪৩) আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, রাত ৯টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161996