শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রামের প্রায় ৪০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ ঈদ উদযাপনে অংশ নিয়েছেন।
আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে পৃথক মাঠে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ বেলাল নূরী বলেন, পৃথিবীতে চাঁদ একটাই। তাই বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সেই অনুযায়ী রোজা ও ঈদ পালন করি। প্রতিবছরের মতো এবারও জেলার বিভিন্ন স্থানের প্রায় ৫০টি গ্রামের মুসল্লিরা একদিন আগে ঈদ উদযাপন করছেন।’
এদিকে আগাম ঈদ উদযাপন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।