যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : মার্কিন গোয়েন্দা

যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : মার্কিন গোয়েন্দা

পাকিস্তানকে বিশ্বের অন্যতম বড় পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইসলামাবাদ এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির প্রকল্পে কাজ করছে, যা সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

 

বুধবার (১৮ মার্চ) মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে ২০২৬ সালের বার্ষিক ‘হুমকি মূল্যায়ন’ পেশ করার সময় এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড। তিনি উল্লেখ করেন, বর্তমানে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের পাশাপাশি পাকিস্তানও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তুলসী গ্যাবার্ড জানান, গোয়েন্দা তথ্যানুযায়ী পাকিস্তানসহ এই পাঁচটি দেশ এমন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা করছে, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক ও সাধারণ পেলোড দিয়ে হামলা চালাতে পারবে। তিনি আরও বলেন, চীন ও রাশিয়া ইতিমধ্যে এমন প্রযুক্তি তৈরি করছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে, উত্তর কোরিয়া তাদের আইসিবিএম সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে।

মার্কিন গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বৈশ্বিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ২০২৫ সালে ছিল ৩ হাজার। তবে আগামী এক দশকে এটি নাটকীয়ভাবে বেড়ে ২০৩৫ সাল নাগাদ ১৬ হাজারে পৌঁছাতে পারে। এছাড়া আল-কায়েদা এবং আইএসআইএস বিদেশে মার্কিন স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী হুমকি হিসেবে রয়ে গেছে।

শুনানি চলাকালীন ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা করেন গ্যাবার্ড। তিনি জানান, ২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ধ্বংস হওয়ার পর তেহরান তা পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি। অথচ হোয়াইট হাউস থেকে ভিন্ন দাবি করা হয়েছিল।

ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্টের পদত্যাগের পর গ্যাবার্ডের এই সাক্ষ্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের আইসিবিএম সক্ষমতা অর্জনের বিষয়টি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161884