কুড়িগ্রামে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ চালগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের পাশের কাশিম বাজার এলাকায় গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে স্থানীয় তিন ব্যবসায়ীর গুদামঘর থেকে চালগুলো জব্দ করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়া।
পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজির বস্তাসহ কিছু স্থানীয় বস্তায় বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। তাৎক্ষণিক সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৮০০ বস্তায় অন্তত ২০ মেট্রিক টন চাল গুদামগুলোতে মজুদ ছিল। অভিযানের সময় তিন ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, জব্দকৃত এসব চাল ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দকৃত।
তাদের দাবি, ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি এসব চাল গোপনে পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছেন।