খুলনায় পারিবারিক বিরোধে ঘুমন্ত একই পরিবারের ৪ সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা

খুলনায় পারিবারিক বিরোধে ঘুমন্ত একই পরিবারের ৪ সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা

খুলনার বটিয়াঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগর রেলক্রসিং এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। প্রায় আট মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং গত ডিসেম্বর মাসে রাশেদুলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন ফাহিমা। এ নিয়ে পূর্ব থেকেই হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ফাহিমা খাতুনের দাবি, বৃহস্পতিবার সকালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে তার সাবেক স্বামীও ছিল বলে তিনি অভিযোগ করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি রেজিস্টার ডা. লক্ষিন্দার কুমার দে জানান, গুলিবিদ্ধদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার সঙ্গে পুত্রবধূ গুলিবিদ্ধ ফাহিমা খাতুনকেও ঢাকায় পাঠানো হয়েছে। আনিসুর রহমানের ঘাড়ে তিনটি গুলি লেগেছে এবং রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে। এছাড়া রঞ্জুয়ারা বেগমের বুকে দুটি ও ফাহিমা খাতুনের পায়ে একটি গুলি লেগেছে বলে জানান তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161839