উত্তরাঞ্চলে সবুজায়ন বাড়ানো জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলে সবুজায়ন বাড়ানো জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এক সময় ২০ ফুট নিচে পানি পাওয়া গেলেও এখন ৪০ ফুট নিচেও পানি মিলছে না-যা আমাদের মরুকরণের দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত। আজ বুধবার (১৮ মার্চ) বিকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ‘রমাকান্ত খাল’ পুনঃ খননের উদ্বোধন করে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, রমাকান্ত খাল খননের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে ভূগর্ভস্থ পানির স্তর স্থিতিশীল রাখতে সহায়তা করবে। তিনি আরও বলেন, খালের মাধ্যমে প্রায় ১০ হাজার মেট্রিক টন ধান ক্ষতির হাত থেকে রক্ষা পাবে, উপকৃত হবেন কয়েক হাজার কৃষক এবং সেচ সুবিধা পাবে কয়েক হাজার হেক্টর জমি। খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানো হবে।

দেশের উত্তরাঞ্চলে মাত্র ৭ শতাংশ, যেখানে দক্ষিণাঞ্চলে রয়েছে ২৫-২৮ শতাংশ। তাই উত্তরাঞ্চলে সবুজায়ন অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সরকার গঠন করলে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করব। সেটাও আমরা এখান থেকে শুরু করলাম। আমরা যে খালটি খনন করলাম সেটিতে মাছ চাষ করতে পারব, এমনকি আমাদের গ্রামের মানুষ তারা হাঁস চাষ করতে পারবেন।

যার মধ্যদিয়ে এলাকার মানুষ স্বনির্ভর হবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘রমাকান্ত খাল’ পুনঃ খননের উদ্বোধনী আলোচনা সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি সভাপতিত্ব করেন।

এসময় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজনসহ জেলা ও উপজেলা বিএনপি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161796