বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত
আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের অদূরে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপরই ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পিছনের ৯টি বগি লাইচ্যুত হয়ে দেড় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসের ইউনিট, পুলিশ ও রেলওয়ে বিভাগের কর্মীরা উদ্ধার পরিচালনা করে। সন্ধ্যায় এ রির্পোট লেখা পর্যন্ত রিলিফ ট্রেন এসে পৌঁছায়নি। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীনদের সাথে দেখা করেছেন। আহতদের মধ্যে ৫৫ জন নওগাঁ হাসপাতালে চিকিৎসা নিলেও ১৭ জন ভর্তি রয়েছে। অপর আহতরা আদমদীঘি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
জানা যায়, আজ বুধবার (১৮ মার্চ) দুপুুরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসাগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাবার পর ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ওই ট্রেনের ইঞ্জিনের পিছনের ৯টি বগি বিকট শব্দে লাইচ্যুত হয়। এসময় বগির চাকার স্প্রিং ভেঙ্গে মাটির নীচে পুতে বগি হেলে পড়ে।
এতে ট্রেনের ছাদ ও বগির ভিতর অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী আহত হয়। আহতরা আদমদীঘি, নওগাঁ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সান্তাহার রেওয়ে জংশনের টি.এক্স.আর জয়নাল আবেদীন জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তদন্ত সাপেক্ষে কার অবহেলায় এ দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত করা যাবে।
রেলওয়ে খালাসির ওয়েম্যান সোহেল রানা জানায়, ওই স্থানে রেললাইনের কিছু অংশ ভাঙ্গা থাকায় কিছু দূরে লাল পতাকা দিয়ে সর্তক করে উল্লেখিত স্থানে সংস্কার কাজ করছিলাম কাজ করার সময় রেললাইনে কাপড় পেঁচিয়ে কয়েকটি ট্রেন ধীরগতিতে পারাপারও করা হয়েছে। তবে নীলসাগর ট্রেনের চালক তা অমান্য করে দ্রুত পারাপার হওয়ার সময় ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন মোবাইল ফোনে বলেন, কিভাবে এটা হলো এখন বলা যাবেনা। পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের ড্রাইভার নেই। এ ঘটনায় সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নওগাঁ-৩ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক রেজাউল করিম জানায়, দুর্ঘনার খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে বহু আহতদের উদ্ধার করে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বেলা ২ টা থেকে ওই রেললাইনে ঢাকা, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন রুটে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161784