ইরানকে একবারে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ‘একবারে শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
একইসঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তার বিষয়ে মিত্র দেশগুলোর ‘নিষ্ক্রিয়তার’ তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোকেই এখন দায়িত্ব নিতে হবে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরান নামক ওই ‘সন্ত্রাদী রাষ্ট্রটির’ অবশিষ্ট যা কিছু আছে, তা যদি পুরোপুরি শেষ করে দেওয়া হয় তবে কী ঘটবে সেটি নিয়ে তিনি ভাবছেন। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এখন আর এই রুটটির ওপর নির্ভরশীল নয়। তাই যেসব দেশ এই প্রণালী ব্যবহার করে, তাদেরই এর নিরাপত্তার দায়ভার নেওয়া উচিত। ট্রাম্পের মতে, এমন কড়া পদক্ষেপ নিলে আমেরিকার যে সকল মিত্র দেশ এখন সাড়া দিচ্ছে না, তারা দ্রুত সক্রিয় হতে বাধ্য হবে।
২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেসিসহ এখন পর্যন্ত প্রায় ১৩শ’ মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তেহরানের দাবি, তারা মূলত ওইসব অঞ্চলে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছে।
১ মার্চ থেকে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প শুধু তার মিত্র দেশগুলোকেই নয় বরং চীনকেও এই জলপথ পুনরায় সচল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161775