বগুড়ার শেরপুরে পুকুরে বিষ প্রয়োগ মাছ নিধনের অভিযোগ

বগুড়ার শেরপুরে পুকুরে বিষ প্রয়োগ মাছ নিধনের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি ফারুক হোসেন। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শুভগাছা গ্রামের জনৈক লাভলুর পুকুর লিজ নিয়ে বোয়ালমারি গ্রামের মাছ চাষ করছিলেন ফারুক হোসেন। ওই পুকুরে পাবদা মাছের পোনাসহ অন্যন্য মাছ চাষ করা হয়েছিল।

মাছ চাষি ফারুক জানান, পুকুর পাহারাদার ভোরের দিকে তাকে ফোন করে মাছ মরে ভেসে উঠার খবর দেন। পরে তিনি পুকুর পাড়ে এসে দেখেন অসংখ্য মাছ পানির উপরে ভাসছে। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুকুরের পাহারাদার গোলাম রব্বানী জানান, সেহরি খেয়ে ভোররাতে মাছকে খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে। পরে তিনি বিষয়টি ফারুককে ফোনে জানান। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161766