নওগাঁয় ছুটির দিনে অফিস সহকারীর গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ

নওগাঁয় ছুটির দিনে অফিস সহকারীর গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। ছুটির দিনে টেন্ডার ছাড়াই ওই কর্মচারীর যোগসাজশে বই বিক্রির সময় স্থানীয়রা অটোচালককে আটকের পর বিষয়টি প্রকাশ্যে আসে। বইগুলো অফিস সহকারী আমানত আলীর(৪৬) কাছ থেকে কিনেছিলেন তাইফুর আলী(৪৬) নামের এক ব্যক্তি।

গতকাল মঙ্গলবার বেলা ২টায় উপজেলার নিতপুর স্কুল এ্যান্ড কলেজ গেটে প্রায় ৭০০ কেজি বই পাচারের সময় স্থানীয় জনগণ বইগুলো আটক করে। অভিযুক্ত বিক্রেতা আমানত আলী উপজেলার নিতপুর মাস্টারপাড়ার মৃত বিসমিল্লাহ’র ছেলে এবং পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। আর ক্রেতা তাইফুর আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কালিতলা কুজারমোড় এলাকার মৃত শওকত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে একটি অটোরিকশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করেন। এবং অফিসের কর্মচারী আমানত আলীর যোগসাজশে সরকারি প্রায় ৭০০ কেজি বই অটোরিকশায় নিয়ে যেতে লাগে। বইগুলো আমানত আলীর কাছ থেকে কিনেছিলেন তাইফুর আলী নামের এক ব্যক্তি। রিকশাটি উপজেলার নিতপুর স্কুল এ্যান্ড কলেজ গেটে পৌঁছার পর স্থানীয়রা জানতে পেরে অটোরিকশাটি আটকে দেয়। ঘটনার সময় বিক্রেতা ও ক্রেতা কেউ উপস্থিত ছিলনা।

জানাজানির পর তারা সকলেই সটকে পড়ে। এদিকে, সরকারি বই গোপনে বিক্রির বিষয়টি ছড়িয়ে পড়লে এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অপরদিকে জব্দকৃত বইসহ অটোরিকশা চালককে জনগণের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় বই বহনকারী অটোরিকশার চালক অকপটে স্বীকার করেন যে, তিনি এসব বই অফিস সহকারী আমানত আলীর কাছ থেকে নিয়ে যাচ্ছেন। তিনি একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া হিসেবে বইগুলো বহন করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, আমার কাছে বইগুলো জব্দ আছে। বইগুলো যে নিয়ে যাচ্ছিল, তার স্টেটমেন্ট নেওয়া আছে। আর সেখানে ভ্যানচালক ছাড়া শিক্ষা অফিসের কাউকে পাওয়া যায়নি।

আমি চেয়েছিলাম একটা মামলা হোক। কিন্তু অফিস ছুটি থাকার কারণে শিক্ষা অফিসের কেউ ছিলনা। তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়ে দেবো। এখন শিক্ষা অফিস কিভাবে এটা নিষ্পত্তি করবে, সেটা দেখার বিষয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161764