ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালীকে উদ্ধার করা সম্ভব হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালি ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে। এমনকি ন্যাটোর সদস্যরাষ্ট্ররা যদি এগিয়ে না ও আসে— সেক্ষেত্রেও অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীকে ইরানের অবরোধ থেকে ‘উদ্ধার করা’ সম্ভব হবে।গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে প্রচণ্ড হামলা চালাচ্ছি। মূলত উপকূল আর জলভাগ নিয়েই এই হামলা। এবং এতে খুব বেশি সময় লাগবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধার পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়— হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদেশগুলোর জাহাজ চলাচল করলে সেসব জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ দিনে হরমুজ ১২টিরও বেশি জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা।
নিরাপত্তা সংকটের কারণে স্বাভাবিকভাবেই হরমুজ দিয়ে জাহাজ চলাচল কমে গেছে এবং তার প্রভাবে বাজারে বাড়ছে জ্বালানি তেল—গ্যাসের দাম। হরমুজ প্রণালিতে ইরানি অবরোধে অবসানের জন্য সেখানে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন ট্রাম্প এবং কয়েক দিন আগে হরমুজে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর জন্য মিত্র দেশগুলোকে আহ্বান জানান। তবে মিত্ররা তার এ আহ্বান প্রত্যাখ্যান করে।
তবে সিএনএনকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তবে ইউরোপ এবং এশীয় মিত্ররা সাড়া না দিলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তার আহ্বানে সাড়া দিয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রশংসা করে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইসরায়েল—তারা অসাধারণ। ইতোমধ্যেই তারা আমাদের খুব সহযোগিতা করেছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সূত্র : সিএনএন
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161730