চাঁপাইনবাবগঞ্জে শিল্পী বেগম নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিল্পী বেগম নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে মতিয়ারা ওরফে শিল্পী বেগম (৩০) নামে এক গৃহবধূর সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের আলীনগর  ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের হেলিম আলীর (৩১) স্ত্রী এবং জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে। হেলিম কৃষিকজে জড়িত।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে স্বামীর বাড়িতে শাশুড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ফাঁস দেন মতিয়ারা। পরে পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে মতিয়ারাকে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে, এটি মতিয়ারা ও  হেলিম দু’জনেরই দ্বিতীয় বিয়ে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, পারিবারিক কলহের জেরে মতিয়ারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে মৃত্যুর ব্যাপারে মতিয়ারার পরিবারের পক্ষে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মতিয়ারার বড়ভাই সিরাজুল ইসলাম আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তুলেছেন। ওসি আরও বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161686