মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীরা নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। আর এই যুদ্ধ পরিস্থিতির দ্রুত সমাধানের একমাত্র পথ কূটনৈতিক আলোচনা।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আমি যখন সংসদে বসি তখন মনে করি আমি সালথা-নগরকান্দার সকল মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। তাই এখন সময় দল-মত নির্বিশেষে সবার উন্নয়নের জন্য কাজ করার। ঝগড়া-বিবাদ নয় বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, সালথায় একটি গার্লস স্কুল ও একটি নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161683