সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসতুর ওপর ওঠা থেকে বিরত থাকার আহ্বান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসতুর ওপর ওঠা থেকে বিরত থাকার আহ্বান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ঘাটিনা সেতুতে ওঠা থেকে কিছুতেই থামানো যাচ্ছে না বিভিন্ন এলাকা থেকে আগত প্রকৃতিপ্রেমীদের। গত ১২ মার্চ ঢাকা-রাজশাহীর রেলসড়কে করতোয়া নদীর ওপর নির্মিত ঘাটিনা রেলসেতুতে দুর্ঘটনায় নিহত বেলকুচি উপজেলার বাসিন্দা সানি ও ফয়সালের মত আর যেন কাউকে অকালে জীবন দিতে না হয়, তাদের পরিবারের মত অন্য পরিবারেও যেন ঈদে আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে না আসে তার জন্য সেতুর পাশ্ববর্তী গ্রাম চরঘাটিনা, শাহজাহানপুর গ্রামবাসী নানা ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারা এখানে আগত প্রকৃতিপ্রেমীদের রেলসেতুতে বারণ করে পাশে সড়ক ব্যবহার করার আহ্বান করছেন। তারা সেতুর পাশে সর্তকতামূলক একাধিক সাইডবোর্ড সেঁটে দিয়েছেন। এছাড়াও এলাকার স্বেচ্ছাসেবী কিছু সংখ্যক যুবক লাঠি হাতে আগত অতি উৎসাহী যুবক-যুবতীদের তাড়া করে সেতু থেকে নামিয়ে দিচ্ছেন। তবুও তারা সুযোগ পেলেই ঘাটিনা রেলসেতুতে উঠে সেলফি তুলছেন, কেউবা রোমান্টিক ভঙ্গিতে নায়ক নায়িকাদের মত ছবি তুলছেন।

কিছু সংখ্যক অতি উৎসাহী যুবকেরা সেতুর খাঁচার ওপর উঠে নানা অঙ্গভঙ্গি করে বাহাদুরি দেখাচ্ছেন। আবার কেউকে দেখা যাচ্ছে, সেতু দিয়ে হুইসেল বাজিয়ে দ্রুতগামী ট্রেন যখন পার হচ্ছে এমন সময় সেতুর নিরাপদ বক্স থেকে সেতুর পিলারের বাড়তি অংশে লাফ দিচ্ছেন।

এতে করে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। জীবন প্রদীপ নিভে যেতে পারে। পঙ্গু হয়ে সারা জীবন কাটাতে হতে পারে। সেটে দেওয়া সাইনবোর্ডে এলাকার যুবকেরা ‘একটি দুর্ঘটনা সারা জীবনের দুঃখ, সেতুতে উঠবেন না, সেতুতে উঠে জীবনের ঝুঁকি নেবেন না, ট্রেনের নিচে পড়ে প্রাণ হারাতে পারেন, জীবনের ঝুঁকি নয়, নিরাপদে থাকুন।

প্রকৃতির সৌন্দর্য দেখতে এসে ভুলে যাবেন না এটা রেল লাইন। মনে রাখবেন দ্রুতগামী ট্রেন পাগল দেখে না’ ইত্যাদি নানা রকম সর্তকবানী লিখে দিয়েছেন। তবু তাদের সেতুতে উঠা থেকে বারণ করা যাচ্ছে না। চরঘাটিনা গ্রামের সমাজ সেবক মোহসীন রেজা মোহন ও উল্লাপাড়া পৌরসভার চাকরিজীবী আব্দুল লতিফ জানান, এলাকার মানুষ আগত প্রকৃতিপ্রেমীদের দুর্ঘটনা থেকে বাঁচাতে নানা ধরণের উদ্যোগ নিয়েছে। তাতেও যদি কাজ না হয় তবে তাদের পরিবারে নেমে আসতে পারে নিহত সানি ও ফয়সালের পরিবারের মত ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম। যা কারো কাম্য নয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161677