বগুড়ার দুপচাঁচিয়ায় শেষ মুহূর্তে আতর সুরমা ও টুপির দোকানে ভিড়

বগুড়ার দুপচাঁচিয়ায় শেষ মুহূর্তে আতর সুরমা ও টুপির দোকানে ভিড়

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ঈদ-উল-ফিতরের কেনাকাটার শেষ মুহূর্তে আতর, সুরমা ও টুপির দোকানে ভিড় বাড়ছে। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদকে সামনে রেখে রমজান মাসের মাঝামাঝি থেকে উপজেলার নিউমার্কেট ও শপিং সেন্টারগুলোতে কেনাকাটার ভিড় পড়ে।

ঈদের পোশাক-জুতা-স্যান্ডেল কেনাকাটার পাশাপাশি আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার ঈদের বাজারে আতর, সুরমা ও টুপির দোকানগুলোতেও ভিড় বাড়তে শুরু করেছে। নির্দিষ্ট দোকান ছাড়াও এই সুযোগে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড়, পরিষদ চত্বর, পুরান বাজার এলাকায় অনেকে ভ্রাম্যমাণ দোকানে পসড়া সাজিয়ে আতর, সুরমা ও টুপি বিক্রি করছেন।

ভ্রাম্যমাণ দোকানগুলোতে টেবিলে ও র‌্যাকে সাজিয়ে আতর, সুরমা, টুপি পাশাপাশি জায়নামাজ, তসবি বিক্রি করতে দেখা গেছে। দোকানগুলোতে প্রতিটি টুপি মানভেদে ৫০ থেকে ১৫০ টাকা, আতর ৫০ থেকে ২০০ টাকা, সুরমা ৩০ থেকে ৮০ টাকা, তসবি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা পরিষদসংলগ্ন ইব্রাহিম আতর হাউজ’র স্বত্বাধকারী ইব্রাহিম আলী জানান, সারা বছর আতর, সুরমা ও টুপি তেমন বিক্রি না হলেও ঈদুল ফিতরকে সামনে রেখে বিক্রি বেড়ে যায়। সারা বছর যা বিক্রি হয় এই ঈদের পাঁচ দিনে তার চেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। এই সুযোগে অনেকেই অনেক স্থানে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে আতর, সুরমা ও টুপি বিক্রি করেন।

সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ দোকানী মোজাম্মেল হক, আজম খাঁন, মোকারক খানসহ অনেকেই জানান, প্রায় ৪৫ বছর ধরে তারা এই ভ্রাম্যমাণ আতর, সুরমা ও টুপির ব্যবসা করে আসছেন। প্রতি বছর রমজানের শুরু থেকেই এই ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161671