দীর্ঘায়িত হতে পারে যুদ্ধ, স্মার্ট কৌশলে এগোচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল–ইরান যুদ্ধ ক্রমেই বিপজ্জনক ধাপে পৌঁছাতে পারে এবং এটি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হবে—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো–এর রাজনৈতিক বিজ্ঞানী রবার্ট পেপ বলেন, যুদ্ধ এখন এমন এক ক্রমবর্ধমান সংঘাতের ফাঁদে ঢুকে পড়েছে, যেখান থেকে বের হওয়া কঠিন।
তিনি বলেন, শুরুতে ধারণা করা হয়েছিল কয়েক দিনের মধ্যেই ইরানের নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবে ইরান দ্রুত নিজেদের কৌশল বদলে পাল্টা আঘাত হেনেছে এবং এখন আগের তুলনায় শক্ত অবস্থানে রয়েছে।
তার মতে, সংঘাত এখন এমন এক ধাপে প্রবেশ করছে যেখানে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে। শুধু কত ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে তা দিয়ে যুদ্ধের বাস্তব চিত্র বোঝা যায় না; মূল প্রশ্ন হলো—দীর্ঘ সময় ধরে কে চাপ ধরে রাখতে পারবে।
রবার্ট পেপের মতে, ইরান শুরুতেই সর্বশক্তি প্রয়োগ না করে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। এই ধারা চলতে থাকলে যুদ্ধ কয়েক মাস পর্যন্ত গড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161562