ত্রাণের কাপড় বরাদ্দে বৈষম্যের অভিযোগ

ত্রাণের কাপড় বরাদ্দে বৈষম্যের অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন নির্বাচনি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে আক্ষেপ প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ। গত শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এ বরাদ্দ কেবল সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় দেওয়া হয়েছে; বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় কোনো বরাদ্দ দেওয়া হয়নি। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়; এটি রাষ্ট্রের একটি মানবিক সহায়তা তহবিল, যা দেশের সকল নাগরিকের কল্যাণে ব্যবহারের জন্য প্রতিষ্ঠিত। তাই সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা সমীচীন নয়।

সংসদ সদস্য ওয়ারেছ আরও বলেন, প্রধানমন্ত্রী সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রীÑ কোনো নির্দিষ্ট দলের নয়। দেশের সব জনগণ সমানভাবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন পরিহার করে দেশের সকল নির্বাচনি এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য সমানভাবে বরাদ্দ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161554