এবার ঈদে তরুণী ও নারীদের পছন্দ কাশ্মিরী চুড়ি ও দুলের সাথে ডায়মন্ড কাটের গহনা

এবার ঈদে তরুণী ও নারীদের পছন্দ কাশ্মিরী চুড়ি ও দুলের সাথে ডায়মন্ড কাটের গহনা

হাফিজা বিনা : আর মাত্র চার দিন আছে পবিত্র ঈদ-উল ফিতরের। শেষ মুহূর্তে  নারীরা ও তরুণীরা ছুটছেন জুয়েলারির দোকানে। কারণ ঈদে যত সাজে নিজেকে সাজাক না কেন নারীর সাজে পূর্ণতা আসে গহনায়। একটা সময় ঈদ উপলক্ষ্যে প্রতিটি নারী, গৃহিনী ও তরুণীরা সোনার গহনা বানিয়ে নিতেন। কিন্তু সোনার দাম সর্বকালের রেকর্ড ভেঙে ২ লাখ ৬৮ হাজার টাকায় পৌঁছে গেছে। তাই সোনা কেনা বাদ দিয়ে নারীরা পুরোপুরি নিভর্রশীল হয়ে পড়েছেন বিভিন্ন মেটালের গহনার দিকে।

তাই শেষ সময়ে মার্কেটে মার্কেটে ঘুরে তরুণী, গৃহিনীরা পোশাকের সাথে মিলিয়ে ইমিটিশনের গহনা কিনছেন। তাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন কসমেটিক ও জুয়েলারি দোকানীরাও। এবারের গহনার ফ্যাশন চলছে কাশ্মিরী কানের দুল এবং হাতের চুড়ি। এছাড়াও বিভিন্ন ডিজাইনের আংটি ও ঝুমকার সাথে সেই আগের মত টানা। এছাড়াও  তরুণীরা কিনছেন দুবাই গোল্ডের  বিভিন্ন ধরণের ডায়মন্ড কাটিং সেট।

বগুড়ার নিউমার্কেট, রানার প্লাজা, আড়ং, চুড়িপট্টি, জলেশ্বরীতলা মিমোসা জুয়েলারিসপ ছাড়াও  বিভিন্ন শোরুমসহ কসমেটিকস ও জুয়েরারি দোকান ঘুরে দেখা যায়, প্রতিটি মার্কেটে তরুণীরা পোশাকের সাথে মিলিয়ে তাদের পছন্দমত গহনা কিনছেন। তবে বগুড়া নিউমার্কেট ও চুড়িপট্টিতে তুলনামূলক দাম কম হওয়ায় এই মার্কেটে ভিড় সবচেয়ে বেশি। এবার অ্যান্টিকের পাশাপাশি আধুনিক মনোমুগ্ধকর ডিজাইন ও বিভিন্ন ধাতব কালারের ওপর মিনা করা এবং ডায়মন্ড কাটের গহনার চাহিদা বেশি।

এছাড়াও বিভিন্ন ডিজাইনের ঝুমকা, কুন্দন, রিং, বালি, বিভিন্ন ধাতুর তৈরি বাহারি চুড়ি এবং গয়না, কপার কালার সেট, মেটালের কানের দুল, চৌকার মালা, স্টোনের বাহারি নুপুর, ব্রেসলেটের চাহিদা এবারো আছে তরুণীদের মাঝে। অনেকে তাদের ফ্যাশনেবল পোশাকের সাথে মিলিয়ে বিভিন্ন ধরণের মালাও কিনছেন। ঈদের সময় দীর্ঘ দিনের ছুটি হওয়ায় বিয়ের জন্য পছন্দ করে কিনছেন বিভিন্ন ধরণের গহনা, চুড়ি নাকের বালি ও কসমেটিকস।

বগুড়া নিউ মার্কেটের ইমিটিশনের একটি দোকানে পোশাকের সাথে মিলিয়ে গহনা ও কসমেটিকস কিনতে এসেছেন শায়িরা। অনলাইন দেখে সে ঠিক করে রেখেছে কাশ্মিরী কানের দুল কিনবে। না হলে টানা দেয়া যেকোন দুল। সে দুটো ঝুলানো দুল কিনলো ১৭শ’ টাকা দিয়ে। এরপর কিনলো দুবাই ছোট দুলের সাথে মালা। দামের ব্যাপারে সে জানায়, ঈদে পছন্দের পণ্য একটু দাম বেশি  হলেও  সমস্যা নেই।

বগুড়া নিউ মার্কেটের রাব্বি কসমেটিকস এর স্বত্বাধিকারী ফজলে রাব্বি। তিনি জানান, তরুণীরা নির্দিষ্ট ট্রেন্ডে বসে থাকে না। তাদের একেক জনের একেক ধরণের পছন্দ। তবে এবার বেশি চাহিদা কাশ্মিরী চুড়ি ও দুলের প্রতি। মার্কেটের বেশিরভাগ দোকানে মালার সেট বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ৮৫০, চোকার সেট বিক্রি হচ্ছে ১শ’ থেকে ৩ হাজার টাকা। মেটালের গহনা বিক্রি হচ্ছে  ২৫০ থেকে ২ হাজার ৫০ টাকা। বাহুবলী মেটাল ও ডায়মন্ড কাটিংয়ের সেট বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৫ হাজার পর্যন্ত।

এছাড়াও ভারতীয় রাজোয়ারী ব্রাইডাল, সীতা, গাজরা মালা, জয়পুর নেকলেস, এক্সক্লুসিভ ভারতীয় নেকলেস, হোয়াইট স্টোন নেকলেস, অফ হোয়াইট পার্ল সেট, মাল্টি কালার  ব্রেসলেট টিকলি, ডায়মন্ড কাট চুড়ি, প্লেইন চুড়ি বিক্রি হচ্ছে।

সোনার দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে  চলে গেছে। এজন্য গৃহিনী ও তরুণীরা সবাই ঈদ মার্কেটে নতুনত্ব আনতে আর্টিফিশিয়াল গহনা দিকে ঝুঁকেছেন বেশি। শেষ মুহূর্তে শাড়ি, জামা, জুতাসেন্ডেল কেনাকাটা শেষে তরুণীরা ভিড় করছেন গহনার দোকানে।

তারা জানান, এবার প্রতিটি দোকানে গহনার অনেক কালেকশন। শুধু দেখেশুনে কেনা এবং ঈদের দিনে অনেকের মধ্যে একজন হয়ে উঠতে পছন্দমত গহনার জন্য দীর্ঘ সময় ভিড়ের মধ্যে ঘেমে-নেয়ে একাকার হচ্ছেন তরুণীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161541