নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁয় আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের জনৈক মনসুর আলীর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যার জন্য আম বাগানে গেলে, বাগানের ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি সাপাহার থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনও তার কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161539