হানিফ সংকেতের নাটক ভালোবেসে অবশেষে
প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।
এবারের নাটকে দেখা যাবে, রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে এক সঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামে। হঠাৎ করেই দেখা হয়ে যায় ছোটবেলার খেলার সাথি রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এইসব নিয়েই গড়ে উঠেছে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের কাহিনি।
নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর নীলার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।