ফরিদপুরে ৮ কি.মি. খাল খননের উদ্বোধন

ফরিদপুরে ৮ কি.মি. খাল খননের উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম

খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে শ্যামা ওবায়েদ ইসলাম বলেন, ‘পবিত্র সংসদকে দেশের সকল সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।

তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। বিএনপি যা বলে, তা কাজের মাধ্যমে প্রমাণ করে। জুলাই সনদ বাস্তবায়নও বিএনপির মাধ্যমে হবে।

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে খাল খননের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী খাল খননের উদ্বোধনের পাশাপাশি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। 

ভাঙ্গা উপজেলায় তিনটি খাল খননের পরিকল্পনা রয়েছে। এছাড়া ফরিদপুর জেলায় ১৯টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমও এ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার নজরুল ইসলাম। 

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা বিএনপির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161484