মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাড়িছাড়া বাবা , ইউএনওর কাছে লিখিত অভিযোগ

মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাড়িছাড়া বাবা , ইউএনওর কাছে লিখিত অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আশি বছরের বৃদ্ধ বাবা সুমন্ত সরকার। এ ঘটনায় সুবিচার ও আইনি ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী সুমন্ত সরকার (৮০) মাধবপুর উপজেলার ২নম্বর চৌমুহনী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়, মধুপুর গ্রামের বাসিন্দা সুমন্ত সরকার ছেলে সুজন সরকার (৩৬) দীর্ঘদিন ধরে এলাকায় কিছু অসৎ লোকের সঙ্গে মেলামেশা করে মাদকাসক্ত হয়ে পড়ে। এনিয়ে প্রায় সময় বাবা-ছেলে কথা কাটাকাটি জেরে প্রায়ই তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ছেলে সুজন সরকার।

ছেলের অত্যাচারের কারণে তিনি নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন না। বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকি মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছেলের ভয়ে বর্তমানে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিষয়টি এলাকার অনেকেই জানলেও বিবাদীর ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

এ অবস্থায় অভিযুক্ত সুজন সরকারকে তলব করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী সুমন্ত সরকার।

মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161483