ট্রাম্পকে প্রত্যাখ্যান, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া—জাপান
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। এছাড়া বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুটে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে জাপানও। উভয় দেশই বলছে, পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব তা পর্যালোচনা চলছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে মিত্রদের সহায়তা চাওয়ার পর অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের অনুরোধ অনুযায়ী আমরা কী ধরনের অবদান রাখছি, তা আমরা খুব পরিষ্কারভাবে জানিয়েছি। এখন পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে বিমান সরবরাহ করছি, বিশেষ করে ওই এলাকায় থাকা অনেক অস্ট্রেলীয় নাগরিকের কথা বিবেচনা করে।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা হরমুজ প্রণালিতে কোনও জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটি এমন কিছু নয়, যার জন্য আমাদের বলা হয়েছে বা আমরা অবদান রাখছি।’এর আগে জাপানও ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর সম্ভাবনা নাকচ করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির পার্লামেন্টে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনও পরিকল্পনা টোকিওর নেই। তিনি বলেন, ‘পাহারা দেয়ার জন্য জাহাজ পাঠানোর বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব, তা আমরা পর্যালোচনা করে যাচ্ছি।’
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক—পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যায়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে হরমুজ প্রণালি সুরক্ষায় সহায়তা চেয়ে আসছেন। এরই মধ্যে ইরান কার্যত এই সরু প্রণালিতে অবরোধ সৃষ্টি করেছে। এই সপ্তাহের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে সানায়ে তাকাইচির।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161448