পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
পাবনা প্রতিনিধি: পাবনায় চাঞ্চল্যকর তরুণী গৃহবধূ কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী বরখাস্তকৃত সেনা সদস্য রাকিবুল ইসলামকে (২২) যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে পাবনার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আবু সালেহ মো: সালাউদ্দিন খাঁ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের চাঁদু শেখের ছেলে সেনা সদস্য রাকিবুল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রী কনিজ ফাতেমাকে মারধোর করতেন।
এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুল কাদের বাদি হয়ে ১৫ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সেনা সদস্য রাকিবুলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনাির পর রোববার এই মামলার রায় ঘোষণা করা হয়। আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মোকিবুল আলম লাবলু এবং বাদিপক্ষে ছিলেন পিপি এডভোকেট রাজিউল্লাহ রঞ্জু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161418