নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মমেজা বেগম (৬৩) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত নয়টার দিকে শহরের উপকন্ঠে গোলাহাট বধ্যভূমি সংলগ্ন এলাকায় রেললাইনে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের উল্লিখিত এলাকা রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।
পরে এলাকাবাসীা মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে তার মরদেহ উদ্ধার করেন। এরপর নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরবর্তীতে রংপুর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে নিহতের আঙুলের ছাপ নিয়ে তার নাম পরিচয় শনাক্ত করেন।
তার নাম মমেজা বেগম (৬৩)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের মহদিপুর পলিপাড়ার মো. ইদ্রিস আলীর স্ত্রী। এরপর নাম পরিচয় নিশ্চিত হয়ে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে অবগত করা হয়। পরে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় এলে সকল আইফন প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী মো. ইদ্রিস আলী তার স্ত্রীর মরদেহ হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161415