জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৫ সিটির প্রশাসক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৫ সিটির প্রশাসক

দায়িত্ব গ্রহণের পর মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দেশের পাঁচটি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।

রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
 
সরেজমিনে দেখা যায়, দুপুরে সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা উপস্থিত ছিলেন।

এই পাঁচজন প্রশাসকই বিএনপির নেতা। বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

 

শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসকরা জানান, শহীদ জিয়ার আদর্শকে পাথেয় করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা মেনে তারা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন। সিটি করপোরেশনগুলোতে নাগরিক সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161385