চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে টহল পুলিশের গাড়িতে আগুন
চাঁদপুরে একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় পাশে থাকা একটি পুলিশের টহল গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সিএনজি অটোরিকশা ও পুলিশের গাড়ি দুটি পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জেলা পরিষদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, এমন কাণ্ডে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে একটি সিএনজি অটোরিকশা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই সিএনজিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি টহল গাড়িতে আগুন লেগে যায়।
আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই সিএনজি ও পুলিশের গাড়ি দুটিই দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনার পর স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং আশপাশের মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কিছু সময়ের চেষ্টায় তারা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161363
এদিকে আগুন লাগার ঘটনায় চাঁদপুর-কুমিল্লা সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারীরা।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাটিতে প্রথমে আগুন লাগে। আমাদের একটি টহল গাড়ি সড়কের পাশে ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সেই আগুন পুলিশের গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশের কোনো সদস্য আহত হননি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই সিএনজি অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।