নান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফ চাল জব্দ

নান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফ চাল জব্দ

ময়মনসিংহের নান্দাইলে ভিজিএফ-এর দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

আজ রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের পাশের খামারগাঁও বাজার থেকে এ চাল জব্দ করা হয়। 

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সালাউদ্দিন আহম্মদ ঘটনাস্থল থেকে চাল জব্দ করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন যাবত চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলছে। কিন্তু রোববার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিষদের পাশের খামারগাঁও বাজারের বকুল মিয়া ও মতি মিয়ার দোকান থেকে ৩৪টি বস্তায় মোট দুই হাজার কেজি চাল উদ্ধার করা হয়। তবে চালগুলো সরকারি সীলমোহরকৃত বস্তায় ভর্তি না থাকলেও তা অন্যান্য খোলা বস্তায় ভরা ছিল। 

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ও স্থানীয় উপকারভোগীরা ওই চালের কার্ড বেপারীদের কাছে বিক্রি করে দিলে বেপারীরা তা পরিষদ থেকে সংগ্রহ করে খোলা বস্তায় রেখে দোকানঘরে মজুত করছিলেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান বলেন, আমরা একটি চালের কার্ড পাই না। অথচ তারা (ইউপি সদস্যরা) এই কার্ড বিক্রি করে দেয়। আমরা এদের বিচার চাই।

বিষয়টি জানার জন্য চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়ার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161362