খুলনায় পৃথক স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার

খুলনায় পৃথক স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার

খুলনায় পুলিশ পৃথক স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজনের গলাকাটা রয়েছে। খুলনা মহানগরীসহ জেলার পৃথক স্থান থেকে এই দুটি লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ রোববার (১৫ মার্চ) সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের পুতলাখালী গ্রাম থেকে ভারতী মণ্ডল (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভারতি প্রভাষ মণ্ডলের স্ত্রী ও পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা। শনিবার দিবাগত রাতে দুর্বুত্তরা তার বাড়িতে হানা দিয়ে ভারতী মণ্ডলকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ভারতীকে গলা কেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে শনিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর লবণচরা থানার রিয়া বাজার এলাকার রবিন কুন্ডুর ছেলে। জীবন কুন্ডু নগরীর আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা আছে। মাঝে মধ্যে তিনি বাড়ি ও হোটেলে থাকতেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161356