দুবাইয়ে বিস্ফোরণ এবং কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ফুজাইরাহ তেল টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। একইসঙ্গে উপসাগরীয় বিভিন্ন জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রোববার ইরানের নতুন হামলায় দুবাইয়ের মেরিনা ও আল সুফুহ এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল টার্মিনালে হামলার পর সেখানে কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরেও কয়েকটি ড্রোন আঘাত হানে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর ফুজাইরাহ থেকে কালো ধেঁায়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যায়। কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতে একজন জর্ডানীয় নাগরিক আহত হন বলে জানানো হয়েছে।
দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পর এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শনিবার দুবাইয়ের কেন্দ্রীয় এলাকায়ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিহত করা হামলার কারণে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তার আগের দিন শুক্রবার শহরের ব্যস্ত ডাউনটাউন এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটে।
এদিকে রোববারের হামলার আগে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালালে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এই দ্বীপের মাধ্যমে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল প্রক্রিয়াজাত ও রপ্তানি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তারা দ্বীপটির ‘সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস’ করেছে, তবে পারস্য উপসাগরে অবস্থিত ওই দ্বীপের জ্বালানি অবকাঠামো অক্ষত রাখা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161307