মেসিবিহীন ম্যাচে গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড দেখলেন কোচ

মেসিবিহীন ম্যাচে গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড দেখলেন কোচ

স্পোর্টস ডেস্ক : মেসির ৯০০তম গোল দেখার আশায় ৭৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়াম ছিল পরিপূর্ণ। কিন্তু কোচ হ্যাভিয়ের মাচেরানো এই ম্যাচে মেসিকে দলেই রাখলেন না। এই ম্যাচে লাল কার্ড দেখলেন ইন্টার মিয়ামি কোচ। মাঠে নির্দিষ্ট এরিয়ার বাইরে দিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলার অপরাধে দুইবার হলুদ সমান লাল দেখানো হয় মিয়ামির আর্জেন্টাইন কোচকে। লিওনেল মেসিকে বিশ্রামে রেখে খেলতে নেমে গোলের দেখা পায়নি ইন্টার মিয়ামি। শনিবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের নিয়মিত মৌসুমের ম্যাচে শারলট এফসির সঙ্গে গোলশূন্য সমতায় শেষ করেছে মিয়ামি।

গত বুধবার উত্তর ও মধ্য আমেরিকার ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলে এসসির বিপক্ষে খেলেছিল মিয়ামি। ওই ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন মেসি এবং গোলশূন্য ড্র হয়েছিল। সামনে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় লেগ থাকায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো। মেসির জায়গায় এই মৌসুমে প্রথমবারের মতো একাদশে জায়গা পান অভিজ্ঞ উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকেও ম্যাচের মূল একাদশ কিংবা বদলি বেঞ্চ—কোথাও রাখা হয়নি।

ম্যাচ শেষে মিয়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস বলেন, ‘এগুলো কোচিং স্টাফের সিদ্ধান্ত। সা¤প্রতিক সময়ে আমরা অনেক ম্যাচ খেলছি— বুধবার, আবার শনিবার। সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ঘরের মাঠের ম্যাচ রয়েছে। তাই কোচিং স্টাফ মনে করেছে এই সিদ্ধান্তটাই সঠিক।’ এই ম্যাচে দলের প্রধান কোচ হ্যাভিয়ের মাচেরানো শেষ মুহূর্তে লাল কার্ড দেখায় ম্যাচ—পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন মোরালেস। রেফারির কাছ থেকে দ্রুত দুটি হলুদ কার্ড দেখেই মাঠ ছাড়তে হয় মাচেরানোকে। ঘটনাটি নিয়ে মোরালেস বলেন, ‘আমার মনে হয় এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মাচেরানো একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছিলেন এবং একটু নির্দিষ্ট জায়গার বাইরে ছিলেন। কিন্তু আমার মতে রেফারি বিষয়টি খুব সংবেদনশীলভাবে দেখেছেন।’

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161300