এবার রিজিয়া পারভীনের বর্ণাঢ্য ঈদ

এবার রিজিয়া পারভীনের বর্ণাঢ্য ঈদ

অভি মঈনুদ্দীন ঃ রিজিয়া পারভীন, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। কখনো দেশে কখনো দেশের বাইরে স্টেজ শো নিয়ে তিনি ভীষণ ব্যস্ত থাকেন। যেমন এই সময়টাতে তিনি দেশেই আছেন। আবারো আগামী ৪ মে তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন স্টেজ শোতে পারফর্ম করার জন্য। তবে এবারের ঈদ উল ফিতরটা তার জন্য বেশ বর্ণাঢ্য বলেই জানালেন তিনি। কারণ এবারের ঈদে বিটিভি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বৈশাখী টিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা যাবে রিজিয়া পারভীনকে।

এরইমধ্যে গত বৃহস্পতিবার রিজিয়া পারভীন চট্টগ্রাম কেন্দ্রের ঈদ বিশেষ সঙ্গীতানুষ্ঠানের জন্য পাঁচটি গান গেয়েছেন। গানগুলো হলো ‘সবার জীবনে প্রেম আসে’,‘ আশা আমার ভালোবাসা’,‘ তুমি আমার চাঁদ’,‘ ফুলের কানে ভ্রমর এসে’,‘ তুমি আমার জীবন’। আবার দেশের প্রখ্যাত প্রয়াত কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’-এ রিজিয়া পারভীনকে গাইতে দেখা যাবে ‘আয়রে মেঘ আয়রে’ গানটি। এছাড়াও বিটিভির আরো দুটি ভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটিতে ইথুন বাবুর কথা ও সুরে গাইবেন, যার শুটিং হবে আগামীকাল বাংলাদেশ টেলিভিশনে।

এছাড়াও আগামী ১৭ মার্চ ‘অভিনন্দন’ ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইবেন রিজিয়া পারভীন ও পলাশ, দেলোয়ার আরজুদা শরফের লেখা ও সুরে। বৈশাখী টিভিতে ঈদের দিন সকালে বিশেষ সঙ্গীতানুষ্ঠানে রিজিয়া পারভীনকে তার ও শ্রোতা দর্শকের ভালোলাগার সাতটি গান গাইবেন। বিএনপির সংরক্ষিত আসনে একজন সংসদ সদস্য হিসেবেও আশাবাদী রিজিয়া পারভীন। কারণ দলের জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, পুলিশের হাতে নানা সময়ে মারও খেয়েছেন তিনি।

রিজিয়া পারভীন বলেন,‘ এবারের ঈদটা বিগত অন্যান্য বছরের তুলনায় একটু বেশিই বর্ণাঢ্য আমার জন্য। কারণ বিটিভি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বৈশাখী টিভি সবমিলিয়ে কয়েকটি অনুষ্ঠানে আমাকে সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে। এই সময়ে এসেও শ্রোতা দর্শকের আমার গানের প্রতি যে ভালোলাগা আমি দেখি তা সত্যিই আমাকে ভীষণ পুলকিত করে। আর সংরক্ষিত নারী আসনের যে বিষয়টি সেটা হলো যদি দল মনে করেন আমি যোগ্য, বিগত দিনে দলের জন্য আমার বিশেষ অবদান আছে, তাহলে সংরক্ষিত নারী আসনের জন্য আমার বিষয়টি বিবেচনা করবেন। যদিও নাও হয় তাতেও আমার কোনো দুঃখ বা কষ্ট থাকবে না। কারণ আমি নিবেদিত হয়েই দলের জন্য আজীবন কাজ করে গেছি।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161195