সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই
সিলেটে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। এছাড়াও ছিনতাইকারীরা ব্যবসায়ীর নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর আগে সিলেট নগরীতে আরো দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার অপু ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন। ব্যবসায়ী অপু শেখপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অপুকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন দিয়ে দেন। মুর্হুতের মধ্যেই ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এরও আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার ভিডিও ফুটজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার নয়দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161164