ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় ঝড়–বৃষ্টির সময় একটি ভবনের সীমানা প্রাচীর ধসে রাশেদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঝড়ের সময় মধুবাগ তিন নম্বর গলির একটি ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়ে রাশেদার ওপর। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া সাখাওয়াত হোসেন জানান, রাশেদা বেগম গৃহকর্মী ছিলেন। তার স্বামীর নাম সাইফুল ইসলাম। ঘটনাস্থলের কাছেই তারা থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুরে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161128