ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু
ঝিনাইদহের সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়ে তরু মিয়া নামে এক বিএনপি নেতা মারা গেছেন। তিনি গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার জামায়াতের মহিলা শাখার উদ্যোগে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত তরু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161120