বগুড়ার শিবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত, ব্যাপক ক্ষতির আশঙ্কা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : ফাল্গুন মাসের শেষদিকে গত ২ দিন আকস্মিক বৃষ্টিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার আলুক্ষেত পানিতে তলিয়ে গেছে। আলু উত্তোলনের ঠিক আগমুহূর্তে এ বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমে আলু উত্তোলন ব্যাহত হচ্ছে। ফলে জমিতে থাকা আলু পঁচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৮ হাজার ৮০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর চাষ করা হয়েছিল। এরই মধ্যে অধিকাংশ জমির আলু উত্তোলন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ক্ষেতের আলু পরিপক্ক হওয়ায় কৃষকরা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিলেন।
কিছু কিছু ক্ষেতের আলু উত্তোলন করে জমিতেই রাখা ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে আকস্মিক বৃষ্টিপাতে অনেক জমিতে পানি জমে যায় এবং বেশ কিছু আলুক্ষেত পানির নিচে তলিয়ে পড়ে।
আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ আলুক্ষেতে বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও কোথাও জমি থেকে উত্তোলন করে রাখা বস্তাভর্তি আলুও পানির নিচে তলিয়ে গেছে। অনেক কৃষক আলুর বস্তা ভেলার মতো পানিতে ভাসিয়ে শুকনো জায়গায় সরিয়ে রাখছেন। আবার কেউ জমির আইল কেটে, বালতি ও বিভিন্ন সরঞ্জামের সাহায্যে জমি থেকে পানি সেচে বের করার চেষ্টা করছেন।
উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের কৃষক ওয়াজেদ আলী জানান, তার ৩ বিঘা জমির আলু বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। একই উপজেলার ধারিয়া গ্রামের কৃষক নাসির'কে পানিতে তলিয়ে যাওয়া ক্ষেত থেকে আলু উত্তোলন করতে দেখা যায়। তিনি বলেন, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের উচ্চমূল্য ব্যয় করে আলু চাষ করেছি। ঘরে তোলার আগ মুহূর্তে সব পানিতে তলিয়ে গেছে। জমির পানি নিষ্কাশনের কোনো উপায় নেই।
পরিবার নিয়ে এবার পথে বসতে হতে পারে। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আকস্মিক বৃষ্টির কারণে কিছু জমিতে পানি জমে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব।
তাই কৃষকদের যত দ্রুত সম্ভব জমির পানি বের করে আলু উত্তোলনের পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, উপজেলায় কৃষক কার্ড প্রবর্তনের কাজ চলমান রয়েছে। কৃষক কার্ড বাস্তবায়ন হলে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161111