রাজশাহীর দুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের বিরুদ্ধে তিনটি মামলাও দায়ের করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের সঙ্কট নিরসনে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন তেলের ডিপোতে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের বিরুদ্ধে তিনটি মামলা দেয়া হয়।
এসময় অবৈধ উপায়ে তেল মজুদ করা হচ্ছে কি-না তা যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নবায়ণ, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া উপস্থিত ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনে নাগরিক দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161106