নেত্রকোনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এবং খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওরে পৃথক দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুর্গাপুরের আলমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫) ও খালিয়াজুরীর চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩)।
খালিয়াজুরীতে নিহত সুধির সরকার (৪৩) চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে। শুক্রবার দুপুরে সুধির সরকার তার গরু চরাতে হাওরে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে হাওরে থাকা অন্যরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলায় আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে একটি ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়া মারা গেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161089