পাবনার চাটমোহরে দুর্বৃত্তের গুলিতে আহত ২
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে চায়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে ২ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন-মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। পেশায় দিনমজুর নাঈম ও সাজেদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ইফতার শেষে লালনের মোড়ে রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম ও সাজেদুল। এ সময় অতর্কিতভাবে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় সাজেদুলের হাতে এবং নাঈমের তলপেটে গুলি লাগলে তারা মাটিতে লুটিয়ে পড়ে।
তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম সারওয়ার হোসেন বলেন, গুলির খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161081