লালমনিরহাটে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত

লালমনিরহাটে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ফরহাদ হোসেন লিটন নামে এক ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আব্দুস সামাদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নে রাস্তার ঢালাই ও সংস্কার কাজের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে জামায়াত নেতা ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন সাংবাদিক আব্দুস ছামাদের ওপর ক্ষিপ্ত হন।

এসময় বাকবিতন্ডার এক পর্যায়ে ইউপি সদস্য লিটন ও তার ভাই সামাদের মোবাইলের ছবি ও ভিডিও ধারণে বাধা দিয়ে এলোপাতাড়িভাবে পিটানো শুরু করেন। এতে সামাদ আহত হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সামাদকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক সাইফুল সবুজ বলেন, শ্রীরামপুর ইউনিয়নে কাবিটার কাজে অনিয়মের ছবি ও ভিডিও ধারণ করার সময় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন আমাদের উপর চড়াও হন। তিনি আমাদের উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে সাংবাদিক আব্দুস সামাদকে পিটিয়ে আহত করেন। আমরা এ ঘটনার নিন্দাসহ দায়ী ব্যক্তিকে আইনের আওতায় নেয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সাংবাদিক সমাজ আন্দোলন কর্মসূচিতে যাবো।

কথা হলে আহত আব্দুস সামাদ বলেন, রাস্তার অনিয়মের ছবি তুলতে গেলে লিটন মেম্বার এসে আমাকে ধাক্কা দেয় এবং বাঁধা প্রদান করার এক পর্যায়ে তার ছোট ভাইসহ তিনি আমার বুকে ও পিঠে কিল ঘুসি মেরে আহত করে। এসময় ওই সাংবাদিক  অবিলম্বে হামলাকারী লিটন মেম্বারের বিচার দাবি করেন। এ বিষয়ে ইউপি সদস্য ফরহাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161069