গায়ক আত্মহত্যা চেষ্টার খবর, যা বললেন স্ত্রী
সামাজিক মাধ্যমে হঠাৎই গুঞ্জন, আত্মহত্যার চেষ্টা করেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। রয়েছেন আইসিইউ-তে, অবস্থা বেগতিক।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এমন কথা ছড়িয়ে পড়লে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। এরপর বিষয়টি স্পষ্ট করেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান।
এদিন মধ্যরাতে এক ফেসবুক পোস্টে গায়কের শারীরিক অবস্থার কথা জানান সানজিদা। উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।
সঙ্গে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। লেখেন, দয়া করে বিভ্রান্তকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।
এছাড়াও ‘আত্মহত্যার চেষ্টা’ এমন কথা শুনে গণমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গায়কের স্ত্রী। জানিয়েছেন, সঠিক তথ্য যাচাই না করেই এমন সংবেদনশীল সংবাদ প্রচার করা হচ্ছে। এ ধরনের গুজব ছড়ানো অব্যাহত থাকলে তারা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তানজীব সারোয়ারের ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়ের। ২০১১ সালে ‘অন্দরমহল’ অ্যালবামের মাধ্যমে তার আনুষ্ঠানিক পথচলা শুরু। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’র মতো জনপ্রিয় গানের জন্য তিনি পরিচিত। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকেও অভিষেক ঘটে তার।