বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্কইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। তাকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর ভিত্তিহীন বলে জানিয়েছে ইরানের আইআরজিসি–সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মাধ্যমে খামেনির স্ত্রীর মৃত্যুর যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।

এর আগে যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। পরে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ওই হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন।

তবে ফার্স নিউজ জানিয়েছে, মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত রয়েছেন এবং তার মৃত্যুর খবর সত্য নয়। তিনি সাধারণত জনসম্মুখে খুব কমই আসতেন এবং ব্যক্তিগত জীবনযাপনের জন্য পরিচিত।

এদিকে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনের হামলায় খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম ভাষণে চলমান যুদ্ধে নিহত ইরানিদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161003