নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

পারিবারিক কলহের জেরে নোয়াখালীর হাতিয়ায় তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. মিলন (৩৮)-এর বিরুদ্ধে। স্ত্রী মারা গেছেন বুঝতে পেরে অভিযুক্ত স্বামী পালিয়ে যান। ঘটনাটি উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ঘটে।

নিহত তাজ নাহার তমরদ্দি ইউনিয়নের আব্দুল জলিলের মেয়ে এবং তিন সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মিলন এসএস পাইপ দিয়ে স্ত্রীকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন। এতে তাজ নাহারের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কব্জি ভেঙে যায়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

সকাল ৯টার দিকে তাকে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে স্বামী মিলন সেখান থেকে পালিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে স্বামীর মারধরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160995