বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টি, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টিতে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে। গতকাল বৃহস্পতিবার সকালের হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টি এবং মৃদু বাতাস তাপমাত্রা কমিয়ে এনেছে। এই কাঙ্ক্ষিত বৃষ্টি কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি ধুলিময় পরিবেশ দূর করে শহর ও গ্রামীণ জনপদে স্বস্তি নিয়ে এসেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপরই শুরু হয় স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ভিজে একাকার হয়ে যায় এবং গুমোট ভাব কেটে গিয়ে বইতে শুরু করে শীতল হাওয়া। জেলার বিভিন্ন স্থানে প্রায় ১ ঘণ্টা বৃষ্টি হওয়ায় তপ্ত ধরণীকে শীতল করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আনন্দের ঝিলিক বইয়ে দিয়েছে।
মানবকুল থেকে শুরু করে প্রাণিকুলেও বয়ে যায় শীতলতার পরশ। শীত কেটে যাওয়ার পর গত কয়েকদিন হলো গরম ও রোদের পর বৃষ্টিতে তপ্ত প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি জনমনে ফিরে এসেছে স্বস্তি। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা বেড়েছিল। এদিকে হঠাৎ করে বয়ে যাওয়া বৃষ্টিতে আমের গুটির জন্য সুখবর হলেও আলু চাষীরা পড়েছেন বিপাকে।
সকালে মোকামতলা থেকে আসা রিকশা চালক সবুর মন্ডল জানান, সামনে ঈদ। তাই সকালবেলা বাড়ি থেকে আসার পর বৃষ্টি শুরু হয়। মনে হয়েছিল সারাদিন এভাবে চলবে। প্রায় দেড় ঘন্টা পরে বৃষ্টি থেমে যায় । প্রকৃতি যেমন ঠান্ডা হয়েছে তেমনি রিকশা চালাতে পেরে আমারও বাল লাগছে। না হলে খালি পকেটে বাড়ি ফেরা লাগতো।
বগুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমে এ প্রথম বৃষ্টিপাত হলো। সকাল থেকে বেলা ১০টা ২০ মিনিট পর্যন্ত শহরের ২দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে। তিনি আরও জানান, আমাগী ২-৩ দিন জেলা জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160986