সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বসন্তের আগুন শিমুল পলাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে প্রাণ গেল দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঘাটিনা রেলসেতুতে।
নিহত দুইবন্ধু হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী অন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন সানি এবং উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মারা যান ফয়সাল।
ওই দুই যুবক মোটরসাইকেল নিয়ে বেলকুচি থেকে মিডিয়া ভাইরাল হওয়া উল্লাপাড়ার ফাগুনের শিমুল-পলাশের সৌন্দর্য দেখতে এসেছিলেন। স্থানীয়রা জানান, করতোয়া নদীর উভয় প্রান্তে রেলপথের পাশে সারি সারি শিমুল-পলাশ ফুলের গাছ রয়েছে। প্রতি বছর এ সময় গাছগুলো ফুলে ফুলে ছেয়ে যায়। নানা ধরনের পাখির কলতান ও ফাগুনের আগুণ লাল ফুলে এখানে এক নানন্দিক দৃশ্যের অবতারণা হয়।
প্রতিদিন স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার শত শত প্রকৃতিপ্রেমী নারী-পুরুষ এখানে ঘুরতে আসেন। এ সময় কিছু অতি উৎসাহী যুবক রেলসেতুর ওপর উঠে নানা আঙ্গিকে ছবি তোলেন। এ কারণে প্রায়ই এই রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে উল্লাপাড়া থেকে ঢাকামুখী ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলসেতু অতিক্রমের সময় বার বার হুইসেল দিলেও ব্রিজের ওপর থেকে দর্শনার্থীরা না নামায় ট্রেনটিকে ব্রিজের ওপর দাঁড়িয়ে যেতে হয়। পরে লোকজন নেমে গেলে ট্রেনটি ব্রিজ অতিক্রম করে।
গত বুধবার বিকেলে একাধিক যুবক ব্রিজের ওপর উঠে ছবি তোলার সময় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি আন্তঃনগর ট্রেন অনেক দূর থেকে হুইসেল বাজিয়ে ওই সেতু অতিক্রম করতে গেলে মারাত্মক ঝুঁকিতে পড়ে দুই যুবক। এসময় রেল সেতুর ওপর নিরাপদ আশ্রয় বক্সে দাঁড়ানোর স্থান থেকে কয়েক ব্যক্তি এদেরকে হাত ধরে দ্রুত টেনে নেওয়ায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান এই দুই যুবক। এই দৃশ্যের ভিডিওটি বুধবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগে ভাইরাল হয়।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে আসা উল্লিখিত দুই যুবক বেলা ২ টার দিকে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দিলে পাথরের ওপর পড়ে দুজনই মারা যায়। এই এলাকায় সেতুটি ভ্রমণপ্রেমী মানুষ বেড়াতে এসে প্রতিনিয়তই সেতুতে উঠে ছবি ও ভিডিও করছে। এতে করে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ঘটনার পর তারা ঘাটিনা রেলসেতুর উল্লেখিত স্থানে গিয়ে দুই মরদেহের সুরত হাল করেন। রেলওয়ে পুলিশর এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160985