কাল থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৩ মার্চ)। এদিন অনলাইনে পাওয়া যাবে আগামী ২৩ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিফটে টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট কেনা যাবে।
টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, ১৩ মার্চ পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট এবং ১৪ মার্চ কেনা যাবে ২৪ মার্চের টিকিট। একইভাবে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময় পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে রেলওয়ে সূত্রে জানানো হয়েছে।
রেলওয়ে আরও জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন, তবে সংগৃহীত কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের জন্য ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160965