বাঘারপাড়ায় বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১

বাঘারপাড়ায় বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১

যশোরের বাঘারপাড়ায় বাস ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় যশোর–মাগুরা মহাসড়কের ভাটার–আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) ও হানিফ। আহত আশিক (২৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে যশোরের খাজুরা থেকে যশোর–মাগুরা মহাসড়ক ধরে মাগুরার দিকে যাচ্ছিলেন। তারা বাঘারপাড়া উপজেলার ভাটার–আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির মারা যান।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আহত আশিক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160963