গৌরনদীতে সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধে মাইকিং, ১২ শিক্ষার্থী আটক

গৌরনদীতে সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধে মাইকিং, ১২ শিক্ষার্থী আটক

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন থেকে জারিকৃত নির্দেশনা অমান্য করায় অভিযান পরিচালনা করে ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যার পরে পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় নেওয়া হয়ে, সন্ধ্যার পর স্কুল বা কলেজগামী কোনো শিক্ষার্থী রাস্তার মোড়ে, হোটেল-রেঁস্তোরায়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। বিষয়টি ঘোষণা দিয়ে বুধবার বিকেলে উপজেলাজুড়ে মাইকিংও করা হয়। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা না মেনে বুধবার সন্ধ্যার পর স্কুল আঙিনায় আড্ডা দিচ্ছিলেন কিশোররা। তারপর সেখান থেকে  ১২ শিক্ষার্থীকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এই উপজেলার বিভিন্ন প্রান্তে মাদকের উপদ্রব ও কিশোর গ্যাং কালচার বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর আড্ডার আড়ালে অনেক তরুণ-যুবক মাদক সেবন করে আসছে। মাদকের ভয়াল ছোবলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদকের ভয়াবহতা রোধে সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলো।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. ইব্রাহীম বলেন, মাদকের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া তরুণ- কিশোররা পড়ার টেবিল থেকে দূরে সরে আসছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সভার গৃহীত সিদ্ধান্তের আলোকে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের প্রাথমিকভাবে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160960